রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ২১ জন অধিনায়ক। তাঁর সঠিক সুচিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। গত ফেব্রুয়ারিতে পাঠানো চিঠির পর ইমরানের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ৬ মাসের মধ্যে এটি আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের দ্বিতীয় চিঠি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে প্রেরিত এই চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার। এ ছাড়া অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট এবং অ্যান্ড্রু স্ট্রসের মতো ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রেরা এতে সই করেছেন।
চিঠিতে সাবেক অধিনায়কেরা উল্লেখ করেন যে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো এবং পরিবারকে সপ্তাহে একবার দেখার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা অমান্য করে তাকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি সরকারি চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
কপিল-গাভাস্কারদের মতে, এই চিঠি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ক্রিকেট অঙ্গনের পুরনো সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে মানবিক দিক বিবেচনা করে পাঠানো হয়েছে। তাদের মূল তিনটি দাবির মধ্যে রয়েছে—আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের নিজস্ব চিকিৎসকদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ পরীক্ষা চালোনো (বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের মতো গুরুতর সমস্যা দূর করা), সপ্তাহে পরিবারকে নিয়মিত সাক্ষাৎ করতে দেওয়া এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা।
প্রায় তিন বছর ধরে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের প্রাপ্য মর্যাদা ও স্বাস্থ্য সুরক্ষার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তিরা।
সময়ের আলো/টিকে