নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড আর্টসেল। সম্প্রতি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে ‘বিদায় কীভাবে জানাই’ গানটির লিরিক্যাল ভিডিও। এটি মূলত ব্যান্ডের ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ গান। গানটির কথা যৌথভাবে লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ।
সুর ও সংগীতায়োজন করেছে ব্যান্ড আর্টসেল নিজেই। গেয়েছেন ভোকালিস্ট লিংকন ডি কস্তা। আর্টসেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে।
গানটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং আবেগঘন মন্তব্য দেখা গেছে। বিশেষ করে গানটি শুনে প্রিয়জনদের হারানো ও বিদায় জানানোর স্মৃতিচারণ করছেন শ্রোতাদের অনেকে।
সাধারণ ভক্তদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানও। তিনি এক ফেসবুক পোস্টে চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেল সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেখানে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে গানটি সবাইকে শোনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গানটিকে ব্যান্ডের দীর্ঘ মিউজিক্যাল যাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে আর্টসেল। ব্যান্ডটির মতে, কিছু বিদায় কীভাবে জানাতে হয় তা জানা থাকে না; গানটি প্রকাশের মধ্য দিয়েই সেই না বলা অভিজ্ঞতার কিছুটা ভাগ করে নেওয়া হয়েছে। ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামটি আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম।
সময়ের আলো/এসএকে