
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা গেছে, রাতে এক বন্দুকধারী দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত রাজু ও আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজুর মৃত্যুর খবর শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে।’
রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
সময়ের আলো/এসএকে