ব্রিটিশ মিসাইলের গোপন নকশা পাচ্ছে ইউক্রেন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যাতে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে পারে, সে লক্ষ্যে দেশটিকে যুক্তরাজ্যে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের নকশা ও প্রযুক্তিগত তথ্য দেওয়ার

2026-08-25T06:59:15+00:00
2026-08-25T06:59:15+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ব্রিটিশ মিসাইলের গোপন নকশা পাচ্ছে ইউক্রেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৫৯ এএম 
ব্রিটিশ মিসাইলের গোপন নকশা পাচ্ছে ইউক্রেন । ছবি : সংগৃহীত
ইউক্রেন যাতে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে পারে, সে লক্ষ্যে দেশটিকে যুক্তরাজ্যে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের নকশা ও প্রযুক্তিগত তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। এতে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে মস্কো। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও আরটি ডটকমের।

এই প্রেক্ষাপটে কিয়েভ সফরে গিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে যুক্তরাজ্যের বিরুদ্ধে ‘আপত্তিকর ও নজিরবিহীন হুমকি’ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। কিয়েভে দেওয়া বক্তব্যে বার্নহাম ইউক্রেনের বর্তমান সংগ্রামকে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেন।

ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিংশ শতাব্দীতে আমার দেশ ইউরোপের স্বাধীনতার শিখা জ্বালিয়ে রেখেছিল, আর একাবিংশ শতাব্দীতে সেই শিখা পরম মমতায় ধরে রেখেছেন আপনারা।

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, আমার দেশের বিরুদ্ধে রাশিয়ার এই তীব্র ও আপত্তিকর হুমকি সত্ত্বেও ইউক্রেনের প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরেই ইউক্রেনকে যুক্তরাজ্যে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংক্রান্ত আগে গোপন রাখা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য হস্তান্তর করার ঘোষণা দেন বার্নহাম।

লন্ডনের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই ধরনের নকশা বা ব্লুপ্রিন্ট বিনিময় চলমান সংঘাতের ‘আগুনে ঘি ঢালবে’ এবং শান্তির অভিমুখে যেকোনো সম্ভাব্য চুক্তি নস্যাৎ করে দেবে। পেসকভের এই বক্তব্যের পরপরই এক সাক্ষাৎকারে পাল্টা জবাব দিয়ে বার্নহাম বলেন, মূল আগুনটা কে জ্বালিয়েছিল? আসল প্রশ্ন তো সেটাই, তাই নয় কি? কিয়েভ সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে সহায়তার জন্য গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর অন্তর্ভুক্ত ৩৪টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে এক যৌথ কনফারেন্স কলেও অংশ নেবেন।

রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতি হলেও কীভাবে ইউক্রেনের নিরাপত্তা দীর্ঘমেয়াদে নিশ্চিত রাখা যায়, সেই প্রতিশ্রুতি দানকারী দেশগুলো নিয়ে গঠিত এই আন্তর্জাতিক জোট। এদিকে মস্কো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা গুঁড়িয়ে দেবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, কিয়েভ সরকারের পক্ষে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে ব্রিটেন। তারা পরিকল্পিত ও নিয়মিতভাবে সংঘাতের আগুনে ইন্ধন জোগাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়ায় যাতে ন্যূনতম অগ্রগতিও না হয়, সে জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ইউরোপের অন্যান্য শীর্ষ নেতাদের পাশাপাশি বার্নহামের উপস্থিতির মধ্যেই রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি রয়েছে কিয়েভে।

যুক্তরাজ্যে তৈরি ‘স্টর্ম শ্যাডো/স্ক্যাল্প’ ক্ষেপণাস্ত্রের উপাদান সংক্রান্ত তথ্য গোপনীয়তামুক্ত করার এই সিদ্ধান্তের ফলে ইউক্রেন ভবিষ্যতে নিজেদের প্রযুক্তিতে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হবে। যদিও এটি বাস্তবে রূপ দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।


নিজ বক্তব্যে বার্নহাম উল্লেখ করেন যে ইউক্রেন ‘১২ বছরের নগ্ন আগ্রাসন, ক্রিমিয়া দখল এবং গত সাড়ে চার বছর ধরে চলা পূর্ণ মাত্রার রুশ আক্রমণের ধকল সয়ে যাচ্ছে। যার মূল উদ্দেশ্যই ছিল সেই স্বাধীনতাকে গুঁড়িয়ে দেওয়া, যা উদযাপনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি বলেন, রাশিয়ার এসব পদক্ষেপ এই জাতির চলার পথ বদলে দিতে পারেনি, বরং এটি তা আরও সুনির্দিষ্ট করেছে। রাশিয়া আপনাদের ওপর যা-ই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার বিপরীতে আপনারা বীরদর্পে দাঁড়িয়েছেন। আর এভাবেই আপনারা এক গর্বিত, সার্বভৌম ইউরোপীয় জাতি এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রাণবন্ত গণতন্ত্র হিসেবে বিশ্বমঞ্চে স্থান করে নিয়েছেন।  

এদিকে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজন’-এর একাধিক গুদাম ও লজিস্টিক কেন্দ্র। স্থানীয় সময় সোমবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল ও আদিগেয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায় আগুন লাগে এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছে ওজন কর্তৃপক্ষ। কোম্পানিটি জানায়, স্থানীয় সময় সোমবার ভোর প্রায় ৫টার দিকে ড্রোন হামলার পর দাগেস্তানের মাখাচকালা শহরে তাদের একটি লজিস্টিক কেন্দ্রে আগুন ধরে যায়। এর আগে ক্রাসনোদার শহরের একটি কেন্দ্রেও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আদিগেয়া অঞ্চলের আদিগেইস্ক এবং স্তাভরোপলের নেভিন্নোমিস্ক শহরে ওজনের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রাসনোদারে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। তাদের বয়স ১৩,১৫ ও ১৬ বছর। আহত আরও ছয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার কয়েকটি ভিডিও যাচাই করেছে বিবিসি। একটি ভিডিওতে ওরেনবুর্গ অঞ্চলে একটি গুদামে ড্রোন আঘাত হানতে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে দাগেস্তানে ওজনের গুদাম থেকে বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়।

হামলার খবরে সোমবার মস্কো স্টক এক্সচেঞ্জে ওজনের শেয়ারের দাম একপর্যায়ে ১২ শতাংশ পর্যন্ত কমে যায়। কোম্পানিটির প্রধান শেয়ারহোল্ডার বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান এএফকে সিস্তেমার শেয়ারও প্রায় ১৩ শতাংশ পড়ে যায়। ক্রেমলিন জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে ওজনকে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের অন্তত ১৫টি বড় লজিস্টিক হাবে হামলা চালায়। ইউক্রেন দাবি করে আসছে, এসব কেন্দ্র ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য সংরক্ষণ ও সরবরাহে ব্যবহৃত হওয়ায় সেগুলো বৈধ সামরিক লক্ষ্য। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ওজন রাশিয়ার অন্যতম পুরোনো অনলাইন খুচরা বিক্রেতা এবং আকার ও বিস্তৃতির দিক থেকে ওয়াইল্ডবেরিজের পরই এর অবস্থান। দেশটির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ অর্থনৈতিকভাবে সক্রিয় মানুষ এই দুই প্ল্যাটফর্ম ব্যবহার করেন বলে ধারণা করা হয়। ফলে এসব প্রতিষ্ঠানে হামলা রাশিয়ার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও যুদ্ধের প্রভাব আরও স্পষ্ট করে তুলছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   ব্রিটিশ  মিসাইল  গোপন  নকশা  ইউক্রেন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: