রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের সদস্যদের হত্যার আগে আট পিস ইয়াবা সেবন করেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস। হত্যাকাণ্ডের পর রুমে বসে আরও এক পিস ইয়াবা সেবন করেন তারা। পুলিশের হাতে আটকের পর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এভাবেই ইয়াবা সেবনের বর্ণনা দেন সিদ্ধার্থ দাস।
তদন্ত কর্মকর্তাদের কাছে সিদ্ধার্থ দাস বলেন, ইয়াবা সেবন করতে করতে কখন ভোরের আলো ফুটেছে তা খেয়াল করেননি। এসময় ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। তাদের ওখানে দেখার পর তিনি ধমক দেন এবং এখানে কী করছেন জানতে চান।
সিদ্ধার্থ দাসের ভাষ্য, তখন তাদের মাথা কাজ করছিল না। বিষয়টি জানাজানি হবে এবং মানসম্মানের ভয়ে গণপতি চক্রবর্তীর ঘাড়ে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে তাকে সেখানেই হত্যা করেন তারা। পরে মরদেহ ছাদের এক কোনায় টিন দিয়ে ঢেকে রাখেন যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মুগ্ধকে সঙ্গে নিয়ে প্রতিবেশী সীমান্তের বাড়িতে গিয়ে তিন পিস ইয়াবা সেবন করেন তারা। তবে সীমান্ত এসব সেবন করতেন না। এরপর মধ্যরাতে ওই বাড়ি থেকে বেরিয়ে আরও ইয়াবা সেবনের ইচ্ছে জাগলে শান্ত নামের এক মাদক কারবারিকে ফোন করে আরও কয়েক পিস ইয়াবা কেনেন সিদ্ধার্থ ও মুগ্ধ।
পরে প্রতিবেশী দেবুদের তিনতলা বাড়ির সিঁড়ি বেয়ে নির্মাণাধীন দোতলার ছাদ দিয়ে পাশের গণপতি চক্রবর্তীর ছাদে যান তারা। দেবুর বাড়ি ঢোকার সময় গেটে কুকুর থাকায় দেওয়াল টপকে পার হন। এরপর গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানির ট্যাংকের আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকেন।
এর আগে সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর ওই ছাদে এক-দুই দিন ইয়াবা সেবন করলেও মুগ্ধ সেদিন প্রথমবারের মতো সেখানে যান বলে পুলিশকে জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্যমতে, টিনের শব্দ পেয়ে বা যে কোনোভাবে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী। এসময় মুগ্ধ সেই গামছা দিয়ে প্রীতিলতা চক্রবর্তীর গলা পেঁচিয়ে ধরেন এবং সিদ্ধার্থ আগামী চক্রবর্তী প্রার্থীর গলা ও মুখ চেপে ধরেন। প্রীতিলতাকে মারার পর দুজনে মিলে পাশে থাকা রশি ও গামছা পেঁচিয়ে আগামী চক্রবর্তী প্রার্থীকেও শ্বাসরোধে হত্যা করেন।
পাশের ছাদ থেকে যেন মরদেহ দেখা না যায়, সেজন্য সেখান থেকে মা ও মেয়ের মরদেহ সিঁড়ির কাছে এনে রেখে দেন তারা। এরপর নিচে নেমে আসেন। এসময় ঘুম থেকে জেগে ওঠে বিছানায় বসে থাকতে দেখেন আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে। তখন প্রিয়ম সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।
বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে সন্দেহে নিচতলায় নেমে বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেন সিদ্ধার্থ। এসব করতে করতে ক্লান্ত হয়ে পড়লে দুজনে সেখানে গোসল করেন। সেখানে বসে আরও এক পিস ইয়াবা সেবন করেন। খেজুর ও শসাও খান তারা।
সময়ের আলো/আতা