ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই ধারাবাহিকের বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন।
আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিক দুটি সব বয়সি দর্শকের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন
উল্লেখ্য পরিবারসহ উপভোগের উপযোগী ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভির পর্দায় প্রচারিত হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি। এটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।
অন্যদিকে আবেগঘন ইরানি গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ প্রচারিত হবে আগামী ৩০ আগস্ট থেকে। এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে দর্শকরা উপভোগ করতে পারবেন।
সময়ের আলো/প্রিন্ট/জেডি