কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধানের অনুষ্ঠান নিয়ে মামদানির বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের আগে নিরাপত্তা সতর্কতা জারি করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)। একই সঙ্গে

2026-08-27T12:14:47+00:00
2026-08-27T12:18:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধানের অনুষ্ঠান নিয়ে মামদানির বিরোধিতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১২:১৮ পিএম
ছবি : সংগৃহীত
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের আগে নিরাপত্তা সতর্কতা জারি করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)। একই সঙ্গে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আগামী ২৯ আগস্ট ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক নিরাপত্তা পরামর্শে এইচএএফ স্থানীয় হিন্দু সম্প্রদায়কে সতর্ক থাকতে, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ আচরণ করার আহ্বান জানায়।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, অনুষ্ঠানটি বাধাগ্রস্ত ও বাতিলের জন্য কিছু কর্মী চেষ্টা করছেন। এ অবস্থায় নিউইয়র্কের মেয়রের প্রতি সব নিউইয়র্কবাসী, বিশেষ করে অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় তাঁর দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ভাগবতের নিউইয়র্ক সফর নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনাও চলছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) বুধবার ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে আরএসএসের সদস্য ও সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি মোহন ভাগবতের ভিসা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাঁর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথাও বলেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফের এই অবস্থান প্রত্যাখ্যান করে সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট ও বিশ্বাসযোগ্যতাহীন বলে মন্তব্য করেছে।

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করেন। তবে একটি বেসরকারি অনুষ্ঠান বাতিল করার বিষয়ে নগর কর্তৃপক্ষের আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

মামদানি বলেন, তিনি অনুষ্ঠানটির সমর্থন করেন না। তাঁর মতে, ভারতকে তিনি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দেখেছেন। ভারতে একটি বর্জনমূলক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উত্থান তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করে বলেও মন্তব্য করেন তিনি।

আরএসএসের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তিন দেশ সফরের প্রথম ধাপে মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছান মোহন ভাগবত। যুক্তরাষ্ট্রের পর তিনি কানাডা ও যুক্তরাজ্য সফর করবেন। ২৯ আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁর বক্তব্যের আয়োজন করেছে আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (এইচইএডি)।


  বিষয়:   সময়ের আলো  ভারত  হিন্দু  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: