চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জরিনা খাতুন বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ কলাবাড়িয়া গ্রামের মৃত মো. শফির স্ত্রী।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টেরিয়াইল বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন জরিনা খাতুন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি মহাসড়কে ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবচার জানান, ঘাতক চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চালককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
সময়ের আলো/জোই