নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে প্রশাসনের অভিযানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত অভিযানে বাধা ও হামলার অভিযোগ উঠেছে। পরে পুলিশ বর-কনেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বর আল আমিন, মাহতাব এবং ১২ বছর বয়সী এক কনে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কনের নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সমসপাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্টদের নিয়ে ফেরার সময় ইউএনওর দলকে বাধা দেওয়া হয়। এ সময় বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানোর পাশাপাশি স্বজনসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল প্রশাসনের লোকজনের ওপর হামলা করে বলে অভিযোগ উঠেছে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে বরসহ তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পাওয়ার পর দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে বরসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিয়ের আয়োজন, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/কেএইচ