মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণের দুইজন আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক সালাউদ্দিন গাজী একই গ্রামের মাফেজ গাজীর ছেলে। সে সম্পর্কে ইতালি প্রবাসীর খালাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের কক্ষে ভোরে হঠাৎ হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন দুইজন। এ সময় টিনশেড ঘরের বেড়া উড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে।
এছাড়া, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে হাতবোমা তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে একাধিক টিম কাজ শুরু করেছে। তাছাড়া, আহতরা গ্রেফতারের ভয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়নি। তাদের খোঁজ করা হচ্ছে।
সময়ের আলো/আতা