চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পুলিশের এক তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার করতে গিয়ে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে খুলশী থানার ওসিও আছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানা এলাকার ওয়্যারলেস-আমবাগান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের হাত ফসকে পালিয়ে গিয়ে ওসিকে ফোনে গালাগাল করেছেন ওই সন্ত্রাসী। ওসিকে গালাগালের একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুলিশ জানায়, ওয়াকিল হোসেন ওরফে বগা নামে ওই সন্ত্রাসী খুলশী এলাকায় নানা অপরাধের সাথে জড়িত। জায়গা দখল, মারামারির একাধিক মামলার আসামি বগা নিজেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। খুলশি এলাকায় তার ছবি সংবলিত পোস্টার সাাঁটানো আছে।
এ ব্যাপারে খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, বগা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কিছুদিন আগে নগরীর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় তিনি জড়িত ছিলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তিনি অন্যতম আসামি। শুক্রবার পুলিশের কাছে তথ্য আসে ওয়্যারলেস কলোনিতে বগা তার বাসায় অবস্থান করছেন। তাকে গ্রেফতারে শুক্রবার ভোরে পুলিশ সেখানে অভিযানে যায়।
এসময় তার সমর্থকরা সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ইটপাটকেলে আমার গাড়ির কাচ ভেঙে গেছে। ইট পাথর নিক্ষেপের কারণে আমি ছাড়াও আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানের সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে বগা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।
স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসা থেকে বগা গোপন পথে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই পথটি সে আগে থেকে তৈরি করে রেখেছিল। যাতে দ্রুত পালাতে পারে।
পাহাড়তলী থানায় দায়ের করা মামলার নথি সূত্রে জানা যায়, পাহাড়তলী কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে কিছু শিক্ষকের বিরোধ ছিল। এরই মধ্যে মিজানুর রহমান নামে কলেজের এক প্রভাষককে তুলে নিয়ে মারধর করা হয়। আর এই ঘটনায় নেতৃত্বে ছিলেন সন্ত্রাসী বগা।
মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, একটি জাতীয় পত্রিকায় কলেজ অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ওই প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। সংবাদ প্রকাশের দিনই কয়েকজন যুবক তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় বগার কাছে। এসময় বগা ভিডিও কলে কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কলে রেখেই তাকে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এসময় সে বলে সংবাদের প্রতিবাদ দিতে হবে। এরপর বগা তার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।
বাসা থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় মিজানুর পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, ওয়াকিল হোসেন বগাসহ সাত জনের নামে মামলা করেছেন। মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়েই হামলার শিকার হয় পুলিশ।
এদিকে পুলিশের হাত ফসকে পালিয়ে যাওয়ার পর ওসিকে ফোন করে গালাগাল করেন সন্ত্রাসী বগা। ওসিকে ফোন করে গালাগালের সময় মোবাইলের কল রেকর্ডের একটি ভিডিও শুক্রবার দুপুরে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায় বগা ওসির ফোনে গালাগাল করছেন। আর সেই ফোনটি ধরে আছে কেউ একজন। ফোনে কলারের ছবিতে সন্ত্রাসী বগাকে দেখা গেছে।
সময়ের আলো/আতা