সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় রিজভী তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
হাসপাতালে কিছু সময় প্রতিমন্ত্রীর পাশে বসে থাকেন রিজভী। এ সময় তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনি এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।
পরে আহত প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে।
সময়ের আলো/এসএকে