সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন বার্তা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে ই-পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
আরও বলা হয়, ইতোমধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, ২৫ হাজার ৪৬৭টি প্রিন্টিং অবস্থায় আছে এবং ২১ হাজার ৬৭৮টি পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ পরবর্তী কার্যক্রম চলমান আছে। বর্তমানে দাম্মাম অঞ্চলে ৯ দিনব্যাপী ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ চলছে।
প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছে দূতাবাস। কারণ হিসেবে উল্লেখ করেছে, আবেদনে তথ্যগত ভুল, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যে অসংগতি, একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা।
প্রবাসীদের ধৈর্যধারণ করার জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, পাসপোর্ট সেবা দ্রুততর ও সহজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তারা।
সময়ের আলো/মহু