প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ১১:৩২ পিএম
শিশু ও নারীসহ ৯ বাংলাদেশি নাগরিক। ছবি : সময়ের আলো দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে ১৬ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন শিশু ও নারীসহ ৯ বাংলাদেশি নাগরিক। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নড়াইলের মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম ও রুকসানা, বরিশালের তাপস মণ্ডল, রাজবাড়ীর আশিক মোল্লা, খুলনার তন্ময় সরকার ও রামকৃষ্ণ বাছার।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতীয় কর্তৃপক্ষের এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরানো হয়। ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করেছিল। সাজাভোগ শেষে তারা কলকাতার দমদম শেল্টার হোমে চিকিৎসাধীন ও হেফাজতে ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এবং ‘রাইটস যশোর’-এর প্রতিনিধিদের কাছে তাদের সোপর্দ করা হবে। সংস্থা দুটি তাদের নিরাপদে নিজ পরিবারের কাছে পৌঁছে দেবে।
সময়ের আলো/এনএন