গত তিন বছরে লেবাননে ইসরায়েলি হামলায় ৮ হাজার ৯২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।
এ ছাড়া গত ২ মার্চ থেকে অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী ১৭৯টি হামলা চালিয়েছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে বুধবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ২ মার্চ লেবাননে ইসরায়েলের হামলা নতুন করে তীব্র আকার নেয়। ওই দিন উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নিহত হন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলার কারণে লেবাননে প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত ছিলেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই হতাহতের এই হিসাব প্রকাশ করা হলো। এর আগে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে দুটি ‘শান্তি’ চুক্তি হলেও পরিস্থিতির বড় কোনো উন্নতি হয়নি।
গত মার্চ থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ওই সময় ইসরায়েল সেখানে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। জুনের ২৬ তারিখের কাঠামোগত চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শর্ত হিসেবে রাখা হয়।
তবে হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম ওই চুক্তি প্রত্যাখ্যান করে একে ‘বাতিল ও অকার্যকর’ বলে উল্লেখ করেন। তার দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পরই এ ধরনের কোনো সমঝোতা হতে পারে।
শুক্রবার দক্ষিণ লেবাননের কাফর রেমান এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, কৌশলগত আলি আল-তাহের সেতুর নিচের সুড়ঙ্গে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
এ ছাড়া শুক্রবার টায়ার ও নাবাতিয়েহ জেলার সাতটি শহরে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার ভোরেও দক্ষিণ লেবাননের জাওতার আল-শারকিয়াহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।
সময়ের আলো/কেএইচ