আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাত্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে কর্তৃপক্ষ বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করে। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।
ইন্দোনেশিয়ার আনাক কারাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এর ধোঁয়া প্রায় ১৫০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। বিস্ফোরণের পর আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে।
রোববারও আগ্নেয়গিরিটিতে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় পৌঁছানোর বিষয়টি শনাক্ত করা হয়। নিরাপত্তার স্বার্থে রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিমানবন্দর বন্ধ থাকায় প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে ইন্দোনেশিয়ার বিমান যোগাযোগ সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে।
এ ছাড়া কুয়ালালামপুর, দোহা ও সিডনিগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর চলাচলও অগ্ন্যুৎপাতের কারণে বাধাগ্রস্ত হয়েছে।
আনাক কারাকাতোয়া আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী প্রণালিতে অবস্থিত। অগ্ন্যুৎপাতের কারণে ওই জলপথে জাহাজ চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র : গালফ নিউজ
সময়ের আলো/ইউএমএইচ