রকেটের বারবার ব্যর্থতা, ক্রায়োজেনিক ইঞ্জিনের জটিলতা আর নানা বিপত্তি। এসব কারণেই ভারতের মহাকাশ বিজ্ঞানীদের কাছে একসময় জিএসএলভি রকেটের ডাকনাম হয়ে উঠেছিল ‘নটি বয়’ বা ‘দুষ্টু ছেলে’। তবে সেই রকেটই এখন ভারতের মহাকাশ অভিযানের অন্যতম নির্ভরযোগ্য বাহন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ১৭ সফলভাবে উৎক্ষেপণ করেছে ইসরো। রকেটটি ২ হাজার ৩৭৬ কেজি ওজনের ইওএস-০৫ উপগ্রহকে সফলভাবে নির্ধারিত কক্ষপথে পাঠায়।
জিএসএলভির এই সাফল্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ১৯টি অভিযানের মধ্যে ছয়টিই ব্যর্থ হয়েছিল। ২০১০ সালের জিস্যাট-৪ এবং ২০২১ সালের ইওএস-০৩ মিশন ক্রায়োজেনিক ইঞ্জিনের সমস্যায় ব্যর্থ হওয়ার পর রকেটটির ‘দুষ্টু ছেলে’ নামটি আরও পরিচিতি পায়।
ভারী উপগ্রহকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার দূরের জিওসিনক্রোনাস কক্ষপথে পাঠাতে ক্রায়োজেনিক ইঞ্জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর আটকে যাওয়ার পর ভারত নিজস্ব প্রযুক্তিতে এই ইঞ্জিন তৈরির পথে এগোয়।
সাম্প্রতিক উৎক্ষেপণে সেই প্রযুক্তির সক্ষমতাই নতুন করে প্রমাণিত হয়েছে। ইঞ্জিন প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করায় ইওএস-০৫ নির্ধারিত উচ্চতার প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার ওপরে পৌঁছে যায়। এতে উপগ্রহটির কার্যকাল অন্তত আরও তিন বছর বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সময়ের আলো/এমকে