জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) জয় পেয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এআরডির বুথফেরত জরিপ অনুযায়ী, এএফডি পেয়েছে ৪৪.৫ শতাংশ ভোট। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে ১৮.৫ শতাংশ ভোট। দলটির নেতৃত্বে রয়েছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
এই ফলাফল চূড়ান্ত হলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানির কোনো রাজ্যে কট্টর ডানপন্থী দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে।
এএফডির শীর্ষ প্রার্থী উলরিখ জিগমুন্ড বুথফেরত জরিপের ফল প্রকাশের পর বলেন, আমরা ঠিক সেটাই অর্জন করেছি, যা আমরা চেয়েছিলাম। আমরা এই রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছি।
দলের সহ-নেতা অ্যালিস ভাইডেলও ফলাফলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তবে এএফডি সবচেয়ে বেশি ভোট পেলেও দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ম্যাগডেবার্গ থেকে আল জাজিরার প্রতিবেদক ডমিনিক কেইন বলেন, বুথফেরত জরিপ অনুযায়ী এএফডিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তবে রাজ্য সরকার গঠনের জন্য এই ফলাফল যথেষ্ট কি না, সেটিই এখন মূল প্রশ্ন।
এদিকে, এই নির্বাচনের ফলাফল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের জন্যও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে প্রবৃদ্ধি ফেরাতে তার জোট সরকার যখন সংগ্রাম করছে, তখনই তার জনপ্রিয়তাও কমে এসেছে।
সময়ের আলো/ইউএমএইচ