রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়া বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাঁর স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তাঁর স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরা ৭-৮ জন ব্যক্তি চারটি মোটরসাইকেলে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।
পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। জাকারিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সময়ের আলো/এসএকে