রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে রাস্তায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ভোর সোয়া ৬টার দিকে মারা যান।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছে সে। ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
এসআই আরও জানান, নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি। তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতা সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সময়ের আলো/জেডআই