ঢাকার আশুলিয়ায় ৫ আগস্টের দুই হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। পরে আখাউড়া থানায় তাকে হস্তান্তর করা হয়।
গ্রেফতার ইদ্রিস আলী আশুলিয়ার জামগড়া এলাকার আলী আহাম্মদ এর ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী মঙ্গলবার সকালে তার বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। তার কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। তখন তার কাগজপত্র যাচাই কালে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
সময়ের আলো/এনএন