পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল সর্দারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মিরুখালি ইউনিয়নের খয়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুলাল সর্দার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
গ্রেফতার মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আন্তঃজেলা ডাকার দলের সর্দার। গতকাল রাতে তাকে গ্রেফতারের পরে তার কাছ থেকে অস্ত্র এবং ককটেল উদ্ধার দরকার হয়। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
সময়ের আলো/জোই