সেই ফেরা ফিরবেন, কিন্তু কফিনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আল-খুরমা এলাকায়

2026-09-08T17:26:28+00:00
2026-09-08T17:26:28+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সৌদিতে ৪ নিহত
সেই ফেরা ফিরবেন, কিন্তু কফিনে
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৩ প্রবাসী নিহত। ছবি : সংগৃহীত
সৌদি আরবে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আল-খুরমা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ উদ্দিন। অপর দুজনের একজন সুনামগঞ্জ এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা।

জেদ্দা বিমানবন্দর থেকে দেশে ফেরার কথা ছিল তাদের। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বজনদের কাছে ফেরার প্রস্তুতি নিয়েই তায়েফ থেকে রওনা হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাদের যাত্রা। এখন স্বজনরা অপেক্ষা করছেন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার। 

Advertisement
নিহত আব্দুল করিমের বয়স ৫০ বছর। কানাইঘাটের লামার তালুক গ্রামের আবু বক্করের ছেলে তিনি। প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবের তায়েফে ছিলেন আব্দুল করিম। তিন ছেলে ও এক মেয়ের বাবা তিনি। দীর্ঘ প্রবাসজীবন শেষে এবার দেশে ফেরার কথা ছিল তার। সেই অপেক্ষায় থাকা পরিবার এখন অপেক্ষা করছে তার মরদেহের। 

একই গ্রামের হাজি কুতুব উদ্দিনের ছেলে খালিদ উদ্দিন। ৬০ বছর বয়সী খালিদ প্রায় ৩৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। পেশায় গাড়িচালক এই প্রবাসীর চার ছেলে ও চার মেয়ে। জীবনের দীর্ঘ সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। 


স্বজনদের দাবি, দ্রুত সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান তারা। 

নিহত দুই প্রবাসীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন। তিনিও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। 

কানাইঘাটের প্রবাসী পরিবারগুলোর জন্য এমন মৃত্যুর ঘটনা নতুন নয়। চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান আরও এক কানাইঘাট প্রবাসী। এবার আল-খুরমায় নিহত হলেন আরও চার বাংলাদেশি। 

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার যে যাত্রা ছিল আনন্দের, সড়ক দুর্ঘটনায় সেটিই পরিণত হয়েছে শোকের যাত্রায়। এখন আব্দুল করিম ও খালিদ উদ্দিনের পরিবারের একটাই অপেক্ষা, কবে দেশে ফিরবে তাদের প্রিয়জনের মরদেহ। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  সিলেট  প্রবাসী  প্রবাস  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: