প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২৯ পিএম
সংগৃহীত ছবিময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম’ মন্তব্য করা নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। তার অভিযোগ, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তার বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
একাধিক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। ভোট দেওয়ার প্রসঙ্গ টেনে আক্ষেপ করে বলেন, ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম!’
তার বক্তব্যে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের সমালোচনা উঠে আসে। পরে ফেসবুক লাইভটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা তার পার্লারে গিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান। এ সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পার্লারে ভাঙচুর বা হামলার আশঙ্কায় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে থানায় নিয়ে যায়।