প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম
দুই দলের নেতাকর্মরা হাসপাতালে। ছবি : সময়ের আলোলালমনিরহাটের হাতীবান্ধায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সানিয়াজান বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জামায়াত কর্মী রায়হান ইসলাম (২৭), ছাত্রদল নেতা আলমগীর হোসেন (২৩) ও সাজেদুল ইসলাম।
জানা যায়, জামায়াতে ইসলামীর সমর্থক রায়হান কয়েক দিন আগে নিজের ফেসবুক আইডিতে ‘বিএনপি ও ভিপি নুর-রাশেদ খানকে’ নিয়ে একটি পোস্ট করেন। যা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। সেই ঘটনার রেশ ধরে মঙ্গলবার রাতে সানিয়াজান বাজারে ছাত্রদল নেতা আলমগীরের সঙ্গে জামায়াত কর্মী রায়হানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।
জামায়াত কর্মী রায়হান বলেন, সন্ধ্যায় আমি সানিয়াজান বাজারে মসজিদের সামনে চা খাচ্ছিলাম। এ সময় ছাত্রদলের কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত আমার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, বিএনপির গঠনমূলক সমালোচনা করা এবং জামায়াতের রাজনীতি করার কারণে তার ওপর এই হামলা চালানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহেদুল ইসলাম বলেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় জামায়াতের কর্মীসহ তাদের লোকজন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এর একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, গতকাল রাতে খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
সময়ের আলো/জোই