পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান তাদের বাবার স্বাস্থ্য এবং কারাগারের পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্তৃপক্ষ তাদের বাবাকে জেলের মধ্যেই মেরে ফেলতে চায়।
এ সময় তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনাও করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট বর্জনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পরই এই সমালোচনা এলো। লর্ডসে দ্বিতীয় টেস্টের সময়ই এই বিতর্কের শুরু। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটনের নেওয়া সুলাইমান ও কাসিমের একটি সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে প্রচারিত হওয়ার পর এই বিতর্ক দানা বাঁধে।
সেই সাক্ষাৎকারে তারা বাবার স্বাস্থ্য আর কারাগারের অবস্থা নিয়ে কথা বলেছিলেন। পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সাক্ষাৎকারটি সরিয়ে না নিলে প্রথম দিনের লাঞ্চের পর দলকে মাঠে না নামানোর হুমকি দিয়েছিল পিসিবি। মহসিন নাকভি এখন বাড়তি নজরদারির মুখে। এর মধ্যেই ইমরান খানের নির্জন কারাবাসের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলেরা। বাবার নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন কাসিম।
তিনি বলেন, ‘ওরা স্পষ্টতই আশা করছে তাকে সেখানে মেরে ফেলার। তারা চায় যতটা সম্ভব গোপনে তাকে চুপ করিয়ে দিতে এবং ধীরে ধীরে তাকে মুছে ফেলতে। কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মানুষটার সঙ্গে এটা করা খুবই কঠিন কাজ। আমরা যখনই কথা বলি, তখনই তাদের কৌশল হলো সবকিছু ধীরে ধীরে থিতিয়ে যেতে দেওয়া, তারপর আরও নিষ্ঠুর বিধিনিষেধ চাপিয়ে দেওয়া, যাতে তার টিকে থাকা আরও কঠিন হয়ে যায়।’
পিসিবির এই কথিত প্রতিক্রিয়ার সমালোচনা করে কাসিম বলেন, বোর্ড নিজেদের ভাবমূর্তিরই ক্ষতি করেছে। রোববার দ্য টেলিগ্রাফকে কাসিম বলেন, ‘তারা নিজেদের সম্পূর্ণ বোকা বানিয়ে ফেলেছে।’ বাবাকে নিয়ে একটি সাক্ষাৎকারে পিসিবির এত জোরালো প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছেন বলে জানান সুলাইমান। তিনি বলেন, ‘আমি কোনো না কোনো ধরনের প্রতিক্রিয়া আশা করছিলাম। কিন্তু ভাবিনি যে তারা মাঠে না নামার হুমকি দেওয়ার মতো অবিবেচক হয়ে উঠবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি