আগে থেকেই ফুটবল ক্লাবের মালিক ছিলেন লিওনেল মেসি। এবার কিনতে চলেছেন আরও একটি ক্লাব। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘এলদেনসে’-র মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ইএসপিএনের খবর অনুযায়ী, এলদেনসের আর্থিক ও আইনি বিষয়াদি যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই চুক্তিটি চূড়ান্ত হবে। বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ।
চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছর স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন মেসি। যদিও, ক্লাবটি এখনও পুরোপুরি পেশাদার পর্যায়ে আসতে পারেনি।
এলদেনসে ক্লাবের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বেশিরভাগ সময় নিচের সারির লিগে কাটিয়েছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয় ক্লাবটি।
কর্নেয়া ছাড়াও একটি ক্লাবের আংশিক মালিকানায় আছেন মেসি। বার্সেলোনা ও ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানা মেসির নামে।
সময়ের আলো/জেকিউএফ