প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৫:১৫ পিএম
মেয়াদোত্তীর্ণ ‘আংগুলি’ নামক খাদ্যপণ্য। ছবি : সময়ের আলো লক্ষ্মীপুরের কমলনগরে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৩৬০ কেজি মেয়াদোত্তীর্ণ ‘আংগুলি’ নামক খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হাজিরহাট উত্তর মাথা এলাকায় এই অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ কেজি ওজনের ৩৬টি বস্তায় মোট ৩৬০ কেজি মেয়াদোত্তীর্ণ আংগুলি একটি রিকশাযোগে লক্ষ্মীপুর থেকে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে হাজিরহাট উত্তর মাথায় পৌঁছালে পণ্যগুলো দেখে সন্দেহ হয় কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসেনের। তিনি রিকশা থামিয়ে তল্লাশি চালান এবং মেয়াদ না থাকায় সবগুলো বস্তা পুকুরের পানিতে ফেলে নষ্ট করেন।
রিকশাচালক বিশ্বজিত শাহ জানান, তিনি কেবল ভাড়ায় পণ্যগুলো নিয়ে যাচ্ছিলেন। এর প্রস্তুতকারক কে তা তার জানা ছিল না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পণ্যের ক্রেতা ও আলেকজান্ডার বাজারের মুদি ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘আমরা লক্ষ্মীপুর থেকে ফোনে অর্ডার দিয়ে মালামাল আনাই। এগুলো মেয়াদোত্তীর্ণ ছিল তা জানা ছিল না। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হলো।’
এদিকে প্রস্তুতকারক মো. আশরাফ হোসেনের ভাই আবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার ছোট ভাইয়ের প্রায় ১ লাখ টাকার মালামাল পানিতে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে দেখেছি। ভিডিওতে কিছু মানুষকে পুকুর থেকে সেই আংগুলি তুলে নিতেও দেখা গেছে।’
কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসেন জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতেই তাৎক্ষণিকভাবে এসব মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার জব্দ করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন