লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরোর নাম ঘোষণা করা হয়েছে। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমে থাকা এই ডিফেন্ডারের ওপরই এবার দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আগেই রোমেরোকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। মেসি ও ওতামেন্দি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোয় ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারই এখন মূল অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন।
জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর। আর্জেন্টিনার জার্সিতে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার এরই মধ্যে তিন ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে প্রথমবার দলকে নেতৃত্ব দেন তিনি। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও অধিনায়ক ছিলেন রোমেরো।
স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম অংশ রোমেরো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা জয়ের দলের সদস্য ছিলেন তিনি। রক্ষণভাগে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমেও তাঁর নেতৃত্বগুণকে গুরুত্ব দিয়েছেন স্কালোনি।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্বে এটি বড় পরিবর্তন। প্রায় দেড় দশক ধরে জাতীয় দলের সবচেয়ে পরিচিত নেতৃত্বের মুখ ছিলেন মেসি। তাঁর জায়গায় এখন রোমেরোর সামনে শুধু মাঠে দলকে নেতৃত্ব দেওয়াই নয়, নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে স্কালোনির দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকছে।
এদিকে সহ-অধিনায়ক হিসেবে নিকোলাস তাগলিয়াফিকো ও এমিলিয়ানো মার্তিনেজের নাম আলোচনায় থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইনফোবে।
সময়ের আলো/টিকে