নোয়াখালীর হাতিয়া উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করিয়েছেন হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ১২জন শিক্ষক ও ১০৩ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
জানা গেছে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে উৎসাহিত করা এবং দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে তাদের বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সংসদ ভবনের স্থাপত্য, সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফল অর্জন শুধু সাফল্যের শুরু। নিজেদের যোগ্যতা, মেধা ও সততার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনা সীমিত নয়। প্রয়োজনীয় শিক্ষা ও দিকনির্দেশনা পেলে হাতিয়ার শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংসদ ভবন পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানায়, এতদিন বই, ছবি ও গণমাধ্যমে সংসদ ভবন দেখলেও এবার সরাসরি দেখার সুযোগ হয়েছে। এতে জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের বাস্তব ধারণা তৈরি হয়েছে।
এক শিক্ষার্থী বলেন, সংসদ ভবন সরাসরি দেখে ভালো লেগেছে। দেশের আইন কীভাবে তৈরি হয় এবং সংসদ সদস্যদের কাজ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছি। এ অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের আরও ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করবে।
আরেক শিক্ষার্থী বলেন, আমরা হাতিয়ার মতো প্রত্যন্ত এলাকার শিক্ষার্থী। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে জানার সুযোগ হয়েছে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার ইচ্ছা আরও বেড়েছে।
অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ দেওয়া প্রয়োজন। সংসদ ভবন পরিদর্শন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াবে।
আরেক অভিভাবক বলেন, আমাদের সন্তানরা প্রত্যন্ত এলাকা থেকে ভালো ফলাফল করেছে। তাদের সংসদ ভবন দেখানোর উদ্যোগে তারা অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হলে তারা উপকৃত হবে।
কৃতী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়ায় তারা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
সময়ের আলো/জোই