ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) পরবর্তী আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আসন্ন আসরের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের দলও ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহর সঙ্গে দলে আছেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।
৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ডব্লিউসিএলে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১২ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হবে তারা।
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এবার আগের ছয় দলের সঙ্গে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ফলে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট সাতটি দল।
বাংলাদেশের পাশাপাশি আসরে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স। প্রতিটি দলেই থাকবেন সংশ্লিষ্ট দেশের সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।
সময়ের আলো/টিকে