‘আপাতত সিনেমা নয়’

মাসুদুর রহমান

আনন্দ সময়

ক্যারিয়ারের অল্প সময়ে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ। তার অভিনীত নাটকের প্রতি আলাদা গ্রহণযোগ্যতা

2026-09-10T03:34:34+00:00
2026-09-10T03:34:34+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘আপাতত সিনেমা নয়’
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ এএম 
ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের অল্প সময়ে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ। তার অভিনীত নাটকের প্রতি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে সবার। 

সম্প্রতি প্রচারে এসেছে এই অভিনেতার একাধিক নতুন নাটক। এর মধ্যে রয়েছে ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে সকাল আহমেদের ‘আমি শুধু তোর হতে চাই’, জুবাইর ইবনে বকরের পরিচালনায় ‘অবাক ভালোবাসা’, প্রিন্স রোমান পিকিউয়ের ‘ফিরে আসার গল্প’ ও জাহিদুল ইসলাম সুজনের ‘অমর প্রেম’। 

Advertisement
এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অমর প্রেম। নাটকটি প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই প্রায় ১৮ লাখের বেশি দর্শক দেখেছেন। এই নাটক দিয়েই দীর্ঘ প্রায় সাত মাস পর পর্দায় ফিরেছেন পার্থ। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

অমর প্রেম দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন তিনি। বিরতি শেষে নতুন উদ্যমে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা।

পার্থ শেখ বলেন, বিয়ের পর একটা ছোট বিরতি নিয়েছিলাম, প্রায় সাত মাস। এখন আবার কাজে ফিরেছি। মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করে যেতে চাই। বিরতির পর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। একাধিক নাটক প্রচারেও এসেছে। সবচেয়ে বেশি সাড়া পেয়েছি অমর প্রেম নাটক থেকে। সম্প্রতি ‘সন্তান’ নামে একটি নাটকে অভিনয় করেছি। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রচারে আসবে এটি। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বিরতির পর নাটকের পাশাপাশি পার্থ ব্যস্ত হয়ে পড়েছেন ওটিটির কনটেন্টেও। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে দেখা যাবে তাকে। ফিল্মটি মূলত মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের বিভিন্ন দিক নিয়ে নির্মিত হচ্ছে। এতে পার্থর বিপরীতে রয়েছেন নাজাহ নাওয়ার। 

আরও রয়েছেন— তৌসিফ মাহবুব, বিদুষী বর্ণিতা, আরেফিন জিলানি ও আমিনা ইসলাম প্রমুখ। সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্যাফে আমব্রেলার শুটিং হয়েছে। তবে ফিল্মটিতে পার্থর চরিত্র নিয়ে আগে কিছু বলতে নারাজ অভিনেতা। জানান, চরিত্র নিয়ে কিছু বলার আগে বিষয়টি চমক হয়েই থাক।

এর আগে কয়েকটি ওয়েব ফিল্মে কাজ করেছেন পার্থ। চলতি বছরের আলোচিত ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ দেখা গেছে পার্থকে। চা-শ্রমিকদের জীবন, সংগ্রাম এবং স্বপ্ন কেন্দ্র করে নির্মিত। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ফিল্মটি মুক্তি পায় চরকিতে।

এর আগে আইস্ক্রিনে প্রকাশিত ‘নয়া নোট’ ওয়েব ফিল্মে পার্থ শেখের অভিনয় দর্শকদের মন জয় করে। এটি পরিচালনা করেন অনন্য প্রতীক চৌধুরী।


নতুন কাজে চরিত্র বাছাই প্রসঙ্গে অভিনেতা বলেন, যে গল্পগুলো আমার জন্য চ্যালেঞ্জিং, নতুন অভিজ্ঞতা, আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে, নতুনভাবে আবিষ্কার করবে এমন কাজ করতে চাই। নতুন চরিত্রে অভিনয় মানেই নিজেকে নতুনভাবে দেখা।

ওটিটি ও ছোটপর্দায় অভিনয়ের মুগ্ধতা ছড়ালেও বড়পর্দায় দেখা যায়নি পার্থকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, বড়পর্দায় কাজ করার ইচ্ছে সব শিল্পীরই থাকে। তবে আপাতত সিনেমা নিয়ে চিন্তাভাবনা করছি না। মানসম্মত গল্প, চরিত্র, পরিচালক, ভালো টিম— সবকিছু মিলে মনের মতো হলেই সিনেমায় কাজ করব।

অভিনয়ে মুগ্ধতা ছড়ালেও ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পার্থর। তবে অনেক দিন হয় পরিচালনায় নেই তিনি। অভিনয় ও পরিচালনা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমার অভিজ্ঞতায় অভিনয় ও পরিচালনা দুটি দুই রকম জার্নি। তবে পরিচালনা অনেক কঠিন কাজ। প্রচণ্ড ধৈর্য থাকতে হয়। চাইলেই সুন্দর পরিচালনা সম্ভব নয়। এর জন্য অনেক কিছু মেইনটেইন করতে হয়; যা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   সিনেমা  পার্থ শেখ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: