নাটকে অভিনয়ের পর এবার মডেলিংয়েও ফিরলেন একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু। সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে।
এটি নির্মাণ করেছেন নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস। শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। বিজ্ঞাপনটিতে বিন্দুর সঙ্গে মডেল হয়েছেন সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর, আবু মুসা মাসুমসহ অনেকে।
সোনালী এক্সচেঞ্জ সোনালী ব্যাংক পিএলসির শতভাগ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের রেমিট্যান্স সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর সুবিধা রয়েছে।
বিজ্ঞাপনটির কনসেপ্ট ও নির্মাণ প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, স্বল্প সময়ে কোনো সেবার মূল বিষয় দর্শকের কাছে তুলে ধরাই বিজ্ঞাপনের অন্যতম লক্ষ্য। সোনালী এক্সচেঞ্জের সেবার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবারের কনসেপ্ট তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নির্মাণকাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তার ভাষ্য, ইচ্ছাশক্তি থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কোথায় অবস্থান করছি সেটি মুখ্য নয়, কাজের প্রতি ইচ্ছা ও দায়বদ্ধতাই গুরুত্বপূর্ণ।
নির্মাতা জানান, বিদেশে লাইট, ক্যামেরা ও প্রোডাকশন টিমের ব্যবস্থা করা এবং অভিনয়শিল্পীদের সমন্বয় করাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন করতে হয়েছে। তার প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্যসহ বাংলাদেশে বিজ্ঞাপনটি প্রচারের মাধ্যমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বাড়বে এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর মাস দুয়েক আগে লাইট-ক্যামেরায় ফিরেছেন বিন্দু। সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। সিরিজটি মুক্তি পায় প্ল্যাটফর্ম হইচইয়ে। এতে বিন্দুর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহানসহ অনেকে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে