দুদিন আগেই ছিল জনপ্রিয় নায়িকা ও মডেল নুসরাত ফারিয়ার জন্মদিন। জন্মদিনের পরপরই নিজের নতুন কাজের খবর জানালেন এই নায়িকা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এরই মধ্যে সিনেমাটিতে কাজ করার ব্যাপারে প্রযোজনা সংস্থা দুটির সঙ্গে যৌথভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে তার। লজ্জার গল্প লিখেছেন আবদুল আজিজ। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।
জানা গেছে, এই সিনেমায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। আগামী ২০ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমায় নিজের অভিনীত চরিত্রটি নিয়ে এখনই কিছু জানাতে চান না বলে জানিয়ে ফারিয়া বলেন, ‘এখনই কিছু বলতে চাচ্ছি না আমার অভিনীত চরিত্র বা সিনেমাটির গল্প নিয়ে। তবে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত আমাকে এ ধরনের গল্পে বা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।’
জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ জানিয়েছেন, লজ্জা সমাজসচেতনতামূলক গল্পের সিনেমা।
তিনি বলেন, এটি সমাজসচেতনতামূলক গল্পের ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে