৪৭ বছর বয়স পেরিয়েও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখিয়ে যাচ্ছেন ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই স্পিনার।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। শেষ পর্যন্ত সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের সপ্তম জয় তুলে নিয়েছে গায়ানা।
এই ফাইফারের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তাহির। তার বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। এত বেশি বয়সে টি-টোয়েন্টিতে ফাইফার নেওয়ার নজির আর কারও নেই।
রেকর্ডটি আরও বিশেষ হয়ে উঠেছে তাহিরের জন্য। সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি ফাইফার নেওয়া বোলারদের তালিকার শীর্ষ পাঁচে তিনবারই রয়েছে তাঁর নাম। এবারের কীর্তি তাকে তালিকার এক নম্বরে তুলেছে। তৃতীয় ও পঞ্চম স্থানেও আছেন এই প্রোটিয়া স্পিনার।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কুক আইল্যান্ডের তোমাকানুতে রিতায়া। ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ফাইফার নিয়েছিলেন তিনি। চতুর্থ স্থানে থাকা বুলগেরিয়ার প্রকাশ মিশ্রা পাঁচ উইকেট নিয়েছিলেন ৪৪ বছর ৩২৩ দিন বয়সে।
তাহিরের দুর্দান্ত পারফরম্যান্সের দিনেই সিপিএলে নিজেদের সপ্তম জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জামাইকা ওয়ারিয়র্স তৃতীয় এবং সেন্ট লুসিয়া কিংস চতুর্থ স্থানে রয়েছে।
৪৭ বছর বয়সেও অধিনায়কত্বের দায়িত্ব সামলে বল হাতে এমন পারফরম্যান্সই যেন বলে দিচ্ছে, বয়স কেবল একটি সংখ্যা। ইমরান তাহির এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন।
সময়ের আলো/টিকে