ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার হযরতপুর এলাকায় র্যাব-১০, উপজেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, অভিযানে হযরতপুর এলাকায় নকল সার তৈরি ও প্যাকেটজাত এবং নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। পরে এসব অপরাধের দায়ে জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া অভিযানে আরও ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। জব্দ করা নকল সার ও কীটনাশক বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, নকল সার ও নিষিদ্ধ কীটনাশক কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই