দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের লেডিফ্রে এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল ব্যাপারী (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত জামাল ব্যাপারী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। জীবিকার অন্বেষণে প্রায় পাঁচ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান এবং সেখানে একটি ভ্যারাইটিজ সুপার শপ পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী জামালের দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি আগুন নেভানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রবাসীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের গুলিতে দোকানের অন্য এক কর্মচারীও আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জামালের পরিবারে স্ত্রী মাজেদা বেগম, তিন কন্যাসন্তান— বায়েজিদ (৮), সিনথিয়া (৩) এবং সামিরা (২), বাবা সিদ্দিকুর রহমান ও মা এবং তিন ভাই ও এক বোন রয়েছেন।
স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল স্ত্রী মাজেদা বেগম ছোট তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার কথা জানিয়ে স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি নিহতের পিতা সিদ্দিকুর রহমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তার সন্তানের মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফনের দাবি জানিয়েছেন এবং পরিবারের জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী এ কে এম গোলাম নবী খোকন জানান, জামাল অত্যন্ত ভালো স্বভাবের একজন পরিশ্রমী যুবক ছিলেন। তার এই প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সময়ের আলো/জোই