নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার ফুটবলকে কাজে লাগাচ্ছে ইতালির ক্লাব এএস রোমা। ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে নেপালের দুর্গতদের জন্য সচেতনতা তৈরির পাশাপাশি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে দিবালাদের ক্লাব।
বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগে তুরস্কের ফেনেরবাচের বিপক্ষে ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবে রোমা। সেই জার্সিতে ক্লাবটির নিয়মিত স্পনসরের লোগোর বদলে থাকবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) লোগো। জার্সিতে লেখা থাকবে ‘টুগেদার ফর নেপাল’ এবং থাকবে নেপালের জাতীয় পতাকাও।
তুরস্কে জুয়া ও বেটিং-সংক্রান্ত বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা থাকায় ফেনেরবাচের বিপক্ষে ম্যাচে রোমার নিয়মিত জার্সি স্পনসর ‘ইউরোবেট.লাইভ’-এর লোগো ব্যবহার করা যাবে না। সেই সুযোগকেই নেপালের দুর্গতদের সহায়তায় কাজে লাগাচ্ছে ক্লাবটি।
ভয়াবহ বন্যার পর নেপালে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে ফেনেরবাচের বিপক্ষে ম্যাচটিকে ত্রাণ ও সহায়তার জন্য জনসচেতনতা তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় রোমা।
ম্যাচে খেলোয়াড়দের পরা বিশেষ জার্সিগুলো পরে নিলামে তোলা হবে। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ নেপালে ডব্লিউএফপির ত্রাণ কার্যক্রমে দেওয়া হবে। পাশাপাশি জাতিসংঘের ‘শেয়ার দ্য মিল’ উদ্যোগের মাধ্যমেও সমর্থকদের নেপালের দুর্গত মানুষের জন্য আর্থিক সহায়তা করার সুযোগ থাকবে।
ফুটবলের মাঠ ছাড়িয়ে মানবিক কাজে রোমার এই উদ্যোগ ইতিমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
সময়ের আলো/টিকে