অভিনয়ের পর এবার গানের জগতে অভিষেক হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে তার প্রথম গান ‘পাবলো’। প্রায় এক দশকের অভিনয়জীবনের পর গান ও মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে নতুন পরিচয়ে হাজির হলেন ‘মেরে হামসাফার’ তারকা।
পাঞ্জাবি হিপহপ ঘরানার ‘পাবলো’ গানটি লিখেছেন ও সুর করেছেন হানিয়া নিজেই। পাশাপাশি এর মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বও নিয়েছেন তিনি। গানে নিজের সমালোচকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচা এবং সৃজনশীলতাকে নিজের ইচ্ছায় প্রকাশ করার কথাই উঠে এসেছে গানের কথায়।
তবে ‘পাবলো’র শেষ অংশে রয়েছে বড় চমক। সেখানে হানিয়ার উদ্দেশে বার্তা দিতে শোনা যায় ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে।
হানিয়াকে সমর্থন জানিয়ে রাখি বলেন, ‘হানিয়া, আমার প্রিয়, এত টেনশন নিয়ো না! তুমি স্বর্গীয় সুন্দরী, তোমার মুখে একটা জেল্লা আছে। মানুষ তোমার সৌন্দর্যে ঈর্ষান্বিত। তুমি একজন সিংহী, তাই ভয় পেয়ো না... তাদের মোকাবিলা করো এবং সামনে এগিয়ে যাও।’
গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও হানিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন রাখি। তার এই অপ্রত্যাশিত উপস্থিতি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।
হানিয়ার গানের অভিষেকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের তারকারাও। ইয়ুমনা খান, মাহিরা খান ও হিনা আফ্রিদিসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র : ডেইলি পাকিস্তান
সময়ের আলো/এমকে