ডিপিএলে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

তিন মৌসুমের বিরতির পর আবারও বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। দেশের শীর্ষস্থানীয় এই লিস্ট

2026-09-12T03:10:01+00:00
2026-09-12T03:10:01+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ডিপিএলে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ এএম 
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ছবি : সংগৃহীত
তিন মৌসুমের বিরতির পর আবারও বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। দেশের শীর্ষস্থানীয় এই লিস্ট ‘এ’ প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে বিদেশি ক্রিকেটার ফেরানোর পরিকল্পনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। 

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দলগুলোকে আবার বিদেশি খেলোয়াড় আনার জন্য উৎসাহিত করছি। মাঝপথে এটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা এটি ফিরিয়ে আনতে চাই, যাতে টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হয় এবং দর্শকদের আবার মাঠে ফেরানো যায়।’

একসময় ডিপিএলে একটি দল একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারত। পরে সেই সংখ্যা কমিয়ে দুই এবং এরপর একজন করা হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালে পুরোপুরি বিদেশি ক্রিকেটারের কোটা বাতিল করা হয়।

এবার সেই সুযোগই আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক প্রস্তাবে প্রতিটি দলকে একাদশে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিসিডিএমের পক্ষ থেকে বিদেশি ক্রিকেটার ফেরানোর আরেকটি কারণ হিসেবে স্থানীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের বিষয়টিও সামনে আনা হয়েছে।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেললে আমাদের খেলোয়াড়রা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। একজন বিদেশি খেলোয়াড় যদি তাদের নতুন একটি বিষয়ও শেখাতে পারে বা নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয়, সেটিও কাজে লাগবে।’

ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে প্রতিটি প্রিমিয়ার ডিভিশন দলকে একজন করে বিদেশি ক্রিকেটার আনার ব্যাপারে উৎসাহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

‘আমরা দলগুলোর সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রিমিয়ার ডিভিশন ক্লাবকে একজন বিদেশি খেলোয়াড় আনার জন্য উৎসাহিত করব। তারা রাজি হলে আমরা প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় দেখতে চাই,’ বলেন তিনি।

ডিপিএলের পাশাপাশি আম্পায়ারিংয়েও এবার বাড়তি নজর দিতে চায় সিসিডিএম। ভালো আম্পায়ারিংয়ের জন্য পয়েন্ট দেওয়ার পাশাপাশি ভুল সিদ্ধান্তের জন্য পয়েন্ট কেটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত স্কোরের নিচে নেমে গেলে কোনো আম্পায়ারকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়েও রাখা হতে পারে।

প্রযুক্তির ব্যবহারেও আসছে পরিবর্তন। সিসিডিএম এডিআরএস ও ড্রোন মনিটরিং ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়েই অ্যান্টি-করাপশন বা দুর্নীতিবিরোধী কার্যক্রম চালু থাকবে।

দেশের ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুম নিয়েও রয়েছে পরিকল্পনা। নভেম্বর মাসে প্রথম বিভাগ, ডিসেম্বরে দ্বিতীয় বিভাগ এবং ফেব্রুয়ারিতে ডিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। একদিনের ক্রিকেটের পাশাপাশি আলাদাভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিপিএল শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৭ এপ্রিল। এখন ক্লাবগুলোর সঙ্গে আলোচনা ও প্রস্তাব চূড়ান্ত হওয়ার অপেক্ষা। বিদেশি ক্রিকেটারদের ফেরানো গেলে দীর্ঘ তিন মৌসুম পর ডিপিএলে আবারও দেখা যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের ছোঁয়া।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ডিপিএল  বিদেশি ক্রিকেটার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: