ইহুদি নববর্ষ রোশ হাশানা উপলক্ষে নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইহুদি নিউইয়র্কবাসীর জন্য আনন্দময় ও অর্থবহ নতুন বছরের শুভকামনা জানান।
বার্তায় মামদানি লেখেন, ইহুদি নববর্ষ উদ্যাপনকারীদের জন্য তিনি ‘মিষ্টি, আনন্দময় ও অর্থবহ’ রোশ হাশানার শুভেচ্ছা জানাচ্ছেন। নতুন বছর স্বাস্থ্য, সুখ ও আশীর্বাদে ভরে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর সঙ্গে নিউইয়র্কের বাস্কেটবল দল নিউইয়র্ক নিক্সের আরেকটি শিরোপা জয়ের প্রত্যাশার কথাও মজা করে উল্লেখ করেন।
রোশ হাশানা উপলক্ষে নিউইয়র্কের সিটি হলে ১০ জন ইহুদি শিশুকে নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেন মামদানি। পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের ওই দলটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। অনুষ্ঠানে টেবিলের মাঝখানে রাখা ছিল আপেল ও মধু— ইহুদি নববর্ষে মিষ্টি ও আনন্দময় বছরের প্রত্যাশার প্রতীক হিসেবে প্রচলিত একটি ঐতিহ্য।
অনুষ্ঠানে মামদানি শিশুদের কাছে জানতে চান, তারা কীভাবে রোশ হাশানা উদ্যাপন করে। শিশুরা আপেল মধুতে ডুবিয়ে খাওয়া এবং অন্যদের ‘শানাহ তোভাহ’ বলে শুভেচ্ছা জানানোর ঐতিহ্যের কথা জানায়। পরে শিশুদের জন্য নিজ হাতে আপেল কেটে দেন মেয়র।
নতুন বছরকে মিষ্টি করে তুলতে তারা কী চায়, সেটিও শিশুদের কাছে জানতে চান মামদানি। তাদের কেউ জেটপ্যাক, কেউ ‘মশিয়াখ’ বা মসিহ এবং কেউ পরিবারের কথা বলে।
নিজের প্রত্যাশার কথাও জানান নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, নতুন বছর তাঁর কাছে আরও আনন্দময় হবে যদি নিউইয়র্ক নিক্স টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারে এবং শহরের প্রতিটি মানুষ নিউইয়র্কে জীবন উপভোগ করে। এ সময় নিজের পছন্দের ফুটবল ক্লাব আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ জয়ের আশার কথাও শিশুর পাশে চুপিসারে জানান তিনি।
ভিডিওর শেষে শিশুদের সঙ্গে দাঁড়িয়ে ‘শানাহ তোভাহ’ বলে শুভেচ্ছা জানান মামদানি।
ইহুদি ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব রোশ হাশানা ইহুদি নববর্ষের সূচনা করে। এটি আত্মবিশ্লেষণ, প্রার্থনা ও অনুশোচনার সময় হিসেবে পালিত হয় এবং এর পরপরই শুরু হয় ইহুদিদের আরেক গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন ইয়ম কিপুর।
সূত্র : জেরুজালেম পোস্ট
সময়ের আলো/কেএইচ