জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখখেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ আখখেতে ফেলে রেখে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে তমেজুলের বাকবিতণ্ডা হয়। পরে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি আটুল গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখখেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এরপর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা করার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই