জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের দেওয়া প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংকটের কারণে দেশের শিল্প ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও ছয় মাসেও বিকল্প ব্যবস্থা নিতে পারেনি সরকার।
শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে সংসদে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠনের প্রস্তাব দিয়েছিল বিরোধী দল। তবে সরকার তা গ্রহণ করেনি। সময়মতো বিকল্প ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এতটা জটিল হতো না বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, প্রস্তাব প্রত্যাখ্যানের পর জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ সংকটের বিষয়টিও সরকার শুরুতে অস্বীকার করেছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেশের অর্থনীতি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানান।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তার ভাষায়, এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
সময়ের আলো/এমকে