২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করার পর আদালতে আসামিকে হাজির করা হয়। রাখা হয় আদালতের হাজতে। কিন্তু নিরাপত্তাবেষ্টিত সেই হাজত থেকেই কৌশলে পালিয়ে গেলেন মাদক মামলার আসামি কয়েছ মিয়া (২৮)। হবিগঞ্জের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে শিবপাশা এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কয়েছ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বাসিন্দা আবিুর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় আকিবুর মিয়ার ছেলে কয়েছ মিয়াকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরদিন শুক্রবার বিকেল ৩ টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের হাজতে তাকে রেখে আসেন কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল। এরপর কোনো একপর্যায়ে হাজত থেকে পালিয়ে যান কয়েছ। আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনী। বিভিন্ন স্থানে অভিযান চালানোর একপর্যায়ে রাতে শিবপাশা এলাকা থেকে কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ২১ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে আটক করে শুক্রবার বিকেল ৩টায় আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর রাতে শিবপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ বলেন, কোর্ট হাজত থেকে আসামি পালিয়েছিল। পরে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/এনএন