বিশ্বনেতাদের সফর ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিকে ঝকঝকে করে সাজানো হয়েছে। সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি অতিথিদের যাতায়াতের পথের পাশেই ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের বস্তি থাকায় সেটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে দিল্লি প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া জানিয়েছে, ব্রিকসের ১৮তম সম্মেলন ঘিরে নয়াদিল্লির বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। বিশ্বনেতারা বস্তিটির পাশ দিয়ে যাতায়াত করবেন— এ কারণে সেটিকে আড়াল করা হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
এটি অবশ্য এই বস্তিতে প্রথমবার নয়। ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময়ও একইভাবে বসন্ত বিহার কুলি ক্যাম্প কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। ফলে আন্তর্জাতিক আয়োজনের আগে দিল্লির বস্তি ও দারিদ্র্য আড়াল করার অভিযোগ নতুন করে সামনে এসেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ২০২৩ সালের সম্মেলনের সময়ও বিশাল কাপড়ের পর্দা টাঙিয়ে পুরো বস্তি আড়াল করা হয়েছিল। এতে একদিকে বস্তির দৃশ্য বাইরে থেকে দেখা যায়নি, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও ছোট ব্যবসায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তির বাসিন্দাদের অভিযোগ, বিদেশি অতিথিদের কাছ থেকে নয়াদিল্লির দরিদ্র মানুষের বাস্তব চিত্র আড়াল করা হচ্ছে।
ওয়ানইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিটির অধিকাংশ মানুষ দিনমজুরি ও ছোটখাটো ব্যবসার ওপর নির্ভরশীল। ফলে চলাচলে সামান্য বিধিনিষেধ বা ব্যবসায় বাধা তৈরি হলেও তাদের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়ে।
তবে এই উদ্যোগের পক্ষে মতও রয়েছে। স্থানীয়দের কেউ কেউ মনে করেন, আন্তর্জাতিক সম্মেলনের সময় বিশ্বের দৃষ্টি যখন নয়াদিল্লির দিকে থাকে, তখন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার চেষ্টা স্বাভাবিক। তাদের মতে, বড় ধরনের আন্তর্জাতিক আয়োজনের সময় রাজধানীকে পরিপাটি ও নিরাপদ রাখা প্রয়োজন।
তবে বস্তি আড়াল করার এই উদ্যোগ ঘিরে মূল প্রশ্নটি থেকেই যাচ্ছে— আন্তর্জাতিক অতিথিদের সামনে নয়াদিল্লিকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, নাকি শহরের দারিদ্র্যের বাস্তব চিত্র তাদের চোখের আড়ালে রাখা হচ্ছে?
সূত্র : ওয়ানইন্ডিয়া
সময়ের আলো/জেডি