রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড তাজা গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে রশিদপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালায় র্যাব-১৩ এর একটি দল। অভিযানে পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো ৮ রাউন্ড শটগানের সীসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড শটগানের রাবার কার্তুজ এবং ১ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, অশুভ উদ্দেশ্যে কেউ এগুলো সেখানে লুকিয়ে রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা