শুধু ভালো খেলোয়াড় হলেই হবে না, ব্যালন ডি’অর জিততে হলে ভালো আচরণও করতে হবে। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে তিনটি মানদণ্ড নির্ধারণ করেছে ফ্রেঞ্চ ম্যাগাজিন। ফলে শুধু ট্রফি জেতা কিংবা মাঠে ভালো পারফরম্যান্স করাই যথেষ্ট নয়, খেলোয়াড়ের আচরণও বিবেচনায় নেওয়া হবে।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আয়োজকেরা জানিয়েছে, তিনটি মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হবে এবারের পুরস্কার।
প্রথম মানদণ্ড ব্যক্তিগত পারফরম্যান্স। গোল ও অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভাগ্য বদলে দেওয়ার মতো অবদান রাখতে হবে।
দ্বিতীয়ত, দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যত বেশি সাফল্য এনে দিতে পারবেন, ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও তত বাড়বে। তবে দলীয় শিরোপা না জিতলেও ব্যালন ডি’অর জেতার সুযোগ থাকবে বলে জানিয়েছে আয়োজকেরা।
তৃতীয় মানদণ্ড খেলোয়াড়ের আচরণ। মাঠে ভালো পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে ও সতীর্থদের সঙ্গে ভালো আচরণকেও গুরুত্ব দেওয়া হবে।
এই তিন মানদণ্ডের ভিত্তিতে এবার কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার—ব্যালন ডি’অর, সেটিই এখন দেখার বিষয়।
সময়ের আলো/এসএকে