ইতালির মাঠে যেন নিজের আগমনী বার্তা দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে শুধু দলকে জেতাননি, গড়েছেন আর্জেন্টিনার ফুটবলের নতুন এক কীর্তিও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটিতে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন এখন এই তরুণ ফরোয়ার্ড। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসিকেও।
মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন মাস্তানতুয়োনো। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলছেন তিনি। ভেনেজিয়ার বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিকে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ফিওরেন্তিনা, উঠে এসেছে লিগ টেবিলের ১৫তম স্থানে।
মাস্তানতুয়োনোর রেকর্ডের মাহাত্ম্য আরও বেশি, কারণ মেসির প্রথম হ্যাটট্রিকের সময় তার বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। অর্থাৎ বার্সেলোনার হয়ে ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের চেয়ে ২৩১ দিন কম বয়সে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তিন গোল করলেন মাস্তানতুয়োনো।
ম্যাচে অবশ্য শুরুটা হয়েছিল ফিওরেন্তিনার বিপক্ষে। ২২ মিনিটে অ্যাকার অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেজিয়া। গোলটিতে সহায়তা করেন আমেরিকান মিডফিল্ডার জিয়ানলুকা বুসিও।
এরপর শুরু হয় মাস্তানতুয়োনোর ঝলক। আধঘণ্টা পেরোতেই মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন তিনি। তাতে শুধু দলকে ম্যাচে ফেরাননি, ফিওরেন্তিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডও গড়েন।
তাতেই থামেননি আর্জেন্টাইন তরুণ। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের তৃতীয় গোলটি করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার গোলেই শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিওরেন্তিনা।
রিয়াল মাদ্রিদের কাছ থেকে ধারে ইতালিতে আসা মাস্তানতুয়োনোর জন্য তাই রাতটি হয়ে থাকল বিশেষ এক মাইলফলক। মেসির রেকর্ড পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হ্যাটট্রিকম্যান এখন তিনিই।
সময়ের আলো/টিকে