৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের ‘প্রিমিও বিসাতো ডি’ওরো’ পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের সমাপনী অনুষ্ঠানের আগেই এ স্বীকৃতি পেল চলচ্চিত্রটি।
সমাপনী অনুষ্ঠানে ওরিজোন্তিসহ উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই পুরস্কার চলচ্চিত্রটির অর্জনে নতুন একটি মাইলফলক যোগ করেছে।
দ্য ডিফিকাল্ট ব্রাইডই প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, ‘আমি দ্য ডিফিকাল্ট ব্রাইড নির্মাণ করেছি একেবারেই ব্যক্তিগত অনুভব থেকে। নারীরা কীভাবে নিজেদের শরীরে বসবাস করতে শেখেন, তাকে নিয়ন্ত্রণ করেন এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় পেতে শুরু করেন— এসব বিষয় ভেবেই চলচ্চিত্রটি বানিয়েছি। ভেনিসে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার কাছে ভীষণ অর্থবহ।’
দ্য ডিফিকাল্ট ব্রাইডের গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পার্লারকে ঘিরে। বিয়েকে সামনে রেখে পরিবারের পক্ষ থেকে হবু কনের সাজসজ্জা ও বাহ্যিক পরিবর্তনের নানা আয়োজন চলতে থাকে।
কিন্তু একসময় এসব আয়োজনই তার কাছে হয়ে ওঠে অসহ্য। পরিবারের প্রত্যাশা ও নিজের অস্তিত্বের টানাপোড়েনে ধীরে ধীরে তার শরীরেই যেন জন্ম নেয় এক ধরনের প্রতিরোধ। সিনেমাটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দেমীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক ফ্রাঁসোয়া দার্তেমার। আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে