ইন্দোনেশিয়ায় ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো। রোববার জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। পথে জাহাজটির যোগাযোগব্যবস্থা অচল হয়ে যাওয়ার খবর পায় বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়।
উদ্ধারকারী সংস্থাটি জানিয়েছে, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থানটির সন্ধান পাওয়া যায়।
জাহাজটির যাত্রী তালিকা অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে জাহাজটিতে মোট কতজন ক্রু ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। ত্রিসক্তি এলাকায় একটি নিয়ন্ত্রণকেন্দ্রও স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজটি পড়ার তথ্য পাওয়ার পর ঘটনাটি কর্তৃপক্ষকে জানায়। তবে জাহাজটির বর্তমান অবস্থান বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি।
সময়ের আলো/কেএইচ